
আরিফুল ইসলাম মহিন : জাতীয় সংসদে দাঁড়িয়ে পাহাড়ি জনগোষ্ঠীর দীর্ঘদিনের অবহেলা, বঞ্চনা ও উন্নয়ন বৈষম্যের বিষয় তুলে ধরেছেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। তার বক্তব্যে পাহাড়ে টেকসই শান্তি প্রতিষ্ঠা ও সার্বিক উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। তিনি বলেন, শুধু আশ্বাস নয়, পাহাড়ের মানুষের জন্য বাস্তবমুখী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এখন সময়ের দাবি।
কৃষিখাত উন্নয়নের বিষয়ে তিনি স্থায়ী চাষাবাদ পদ্ধতি চালু এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেন। পাশাপাশি স্বাস্থ্যসেবার ঘাটতি দূর করতে দুর্গম এলাকায় ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন এবং একটি আধুনিক মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানান।
বননির্ভর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে একটি বিশেষায়িত বন গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। এর মাধ্যমে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে বলে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। শান্তি ও উন্নয়ন একে অপরের পরিপূরক বলেও তিনি মন্তব্য করেন।
তার এই বক্তব্যে জাতীয় সংসদে পাহাড়ের উন্নয়ন বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আপনার মতামত লিখুন :