পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সচেতনতায় গুরুত্ব


admin প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন /
পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সচেতনতায় গুরুত্ব

পানছড়ি সংবাদদাতা:
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন করা হয়েছে।
২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির সূচনা করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুষ্টি বিষয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন।
বক্তারা বলেন, সুস্থ জাতি গঠনে সঠিক পুষ্টির বিকল্প নেই। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সপ্তাহব্যাপী কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও কমিউনিটি ক্লিনিকে পুষ্টি বিষয়ক পরামর্শ, ক্যাম্পেইন এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানানো হয়।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সালাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গণি, ডা. মিনাক্ষী চাকমা, ডা. সাদসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে পুষ্টি বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।