ছোটন বিশ্বাস: খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণ, চর্চা ও বিকাশের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট বৃহস্পতিবার জেলা পর্যায়ে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন ভাষার বর্তমান অবস্থা, সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান অতিথি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক আবুল কালাম।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা, লেখক মংপ্রু মারমা, কবি ও বাচিক শিল্পী চিংহ্লা মং চৌধুরীসহ বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর প্রতিনিধিরা বক্তব্য দেন।
আলোচনায় খাগড়াছড়িতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন ভাষার সংরক্ষণ, নিয়মিত চর্চা ও বিকাশের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি এসব ভাষার বর্তমান পরিস্থিতি, ভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকি এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ভাষা চর্চা বাড়ানোর উপায় নিয়েও মতামত দেওয়া হয়।
বক্তারা বলেন, একটি জনগোষ্ঠীর ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়; এর সঙ্গে তাদের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও স্বতন্ত্র পরিচয় জড়িয়ে থাকে। তাই ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণে গবেষণা, প্রাতিষ্ঠানিক উদ্যোগ, নথিভুক্তকরণ এবং নতুন প্রজন্মকে মাতৃভাষা চর্চায় উৎসাহিত করা জরুরি।
দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা, ভাষা ও সংস্কৃতিসংশ্লিষ্ট ব্যক্তি এবং স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।
