খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ৬৮ লাখ টাকার সহায়তা

খাগড়াছড়ি অপরাধ

ছোটন বিশ্বাস: সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত খাগড়াছড়ির ২০টি পরিবারের মাঝে ৬৮ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড। ১৮ আগস্ট মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটিএ খাগড়াছড়ি সার্কেলের আয়োজনে এ চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় আহত আটটি পরিবারকে এক লাখ টাকা করে মোট আট লাখ এবং নিহত ১২টি পরিবারের প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা দেওয়া হয়। সব মিলিয়ে ২০ পরিবারের মাঝে ৬৮ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের দায়িত্বের অংশ। দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে আরও সচেতনভাবে চলাচলের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, বিআরটিএ খাগড়াছড়ি সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী মো. মুছা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. আসলাম কালুসহ বিভিন্ন পরিবহন সংগঠনের প্রতিনিধি ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *