জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন। ১১ আগস্ট মঙ্গলবার মাটিরাঙ্গা সদর ইউনিয়নের গণচন্দ্র কার্বারি পাড়ায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে স্থানীয় পাহাড়ি-বাঙালি দরিদ্র ও অসহায় নারী-পুরুষকে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। পাশাপাশি গণচন্দ্র কার্বারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
বিনামূল্যে চিকিৎসাসেবা দেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডা. তৌফিক রেজওয়ান ই রিজভী। তিনি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ প্রদান করেন।
এ ছাড়া বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী ছয় শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
চিকিৎসাসেবা নিতে আসা হীরামতি ত্রিপুরা বলেন, অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়া বড় সহায়তা। সেনাবাহিনীর এ উদ্যোগে তারা উপকৃত হয়েছেন।
স্থানীয়রা জানান, চিকিৎসা, শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণের এ ধরনের কার্যক্রম সাধারণ মানুষের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও বাড়াতে ভূমিকা রাখবে।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন, পিএসসি বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা সেনাবাহিনীর নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
