প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান খাগড়াছড়িতে – প্রকৃতি’র মোড়ক উন্মোচন

খাগড়াছড়ি ব্রেকিং নিউজ

প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণের বিভিন্ন বিষয় তুলে ধরে প্রকাশিত ‘প্রকৃতি’ নামের একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছে খাগড়াছড়িতে। ১২ আগস্ট বুধবার দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবে বায়োডাইভারসিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রকাশনাটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৯৮ নম্বর আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভুঁইয়া বলেন, মানুষের নানা কর্মকাণ্ডের কারণে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। এর প্রভাব তাপমাত্রা ও পরিবেশের ওপর পড়ছে। তাই প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।
তিনি বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা তৈরি করতে হবে।
আয়োজকেরা জানান, ‘প্রকৃতি’ প্রকাশনায় পার্বত্য চট্টগ্রামের তিন জেলার বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। স্থানীয় প্রকৃতিপ্রেমী, গবেষক ও পরিবেশসচেতন মানুষের মধ্যে এ প্রকাশনা ইতোমধ্যে আগ্রহ তৈরি করেছে।
বায়োডাইভারসিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটির প্রতিষ্ঠাতা সংগঠক ও রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, সংগঠনের মূল উদ্দেশ্য কারও বিরোধিতা করা নয়, বরং প্রকৃতি সংরক্ষণে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে আগেই প্রতিরোধের ব্যবস্থা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রকৃতি ধ্বংসের আগে মানুষকে সচেতন করাও জরুরি।
সবুজ চাকমার সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য ও সাংবাদিক সমীর মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পৌর প্রশাসক রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদীসহ প্রশাসন, বন বিভাগ, শিক্ষাবিদ, গবেষক ও সাংবাদিকরা বক্তব্য দেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, রেঞ্জ কর্মকর্তা এস. এম. মোশাররফ হোসাইন, শিক্ষাবিদ মধু মঙ্গল চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ. এম. প্রফুল্ল এবং লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *