গুইমারায় ইউএনও ও ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

খাগড়াছড়ি গুইমারা

 

গুইমারা প্রতিনিধি : খাগড়াছড়ির গুইমারায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট বুধবার দুপুরে গুইমারা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. আবদুল আলী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসকাতুল তামান্না এবং বিশেষ অতিথি ছিলেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী।

সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ, প্রচার সম্পাদক আবুল হোসেন রিপন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, তথ্যবিষয়ক সম্পাদক আব্দুর রহিম, আপ্যায়ন সম্পাদক ফোরকানুল হক সাকিবসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিসকাতুল তামান্না বলেন, গণমাধ্যম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রয়েছে। প্রশাসন ও গণমাধ্যম পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়; বরং জনস্বার্থে উভয়ের মধ্যে সহযোগিতা ও সমন্বয় থাকা প্রয়োজন।

তিনি বলেন, পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো গেলে গুইমারা উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, গুইমারা একটি সম্ভাবনাময় উপজেলা। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, পর্যটন ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন খাতের ইতিবাচক কর্মকাণ্ডের পাশাপাশি জনগণের সমস্যা ও দুর্ভোগও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদমাধ্যমে তুলে ধরছেন তারা।

বক্তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের সমস্যা প্রশাসনের নজরে আনা এবং প্রশাসনের উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরাই সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। এ ক্ষেত্রে প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও তথ্যের আদান-প্রদান গুরুত্বপূর্ণ।

সভায় সাংবাদিকদের তথ্যপ্রাপ্তির সুযোগ আরও সহজ করা, গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত ব্রিফিং এবং প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে গঠনমূলক যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, সত্য, ন্যায় ও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত থাকবে। গুইমারার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *