ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সেবাগ্রহীতাদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট বুধবার মহালছড়ি উপজেলা অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি বিপুল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্ঠা চাকমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ হেলথ ওয়াচের অ্যাডভোকেসি ম্যানেজার মোফাকখার মোরশেদ খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপময় তালুকদার এবং মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন।
সভায় বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী স্বাস্থ্যসেবার বিভিন্ন বিষয় নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম (শফিক)।
সভায় স্থানীয় জনগণের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও মানসম্মত করা, হাসপাতালের সেবার মান বৃদ্ধি, রোগী ও সেবাগ্রহীতাদের অধিকার নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় জনগণ, সামাজিক সংগঠন ও গণমাধ্যমের কার্যকর অংশগ্রহণ প্রয়োজন। সেবাগ্রহীতাদের মতামত ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
সভায় সাংবাদিক, উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
