মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাদক সেবনের অভিযোগে মো. ইসমাইল হোসেন (২১) নামে এক যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ১২ আগস্ট বুধবার উপজেলা মেরুং ইউনিয়নের রশিক নগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ইসমাইলকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে দীঘিনালা থানা পুলিশের সহায়তায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারায় ইসমাইল হোসেনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক সেবনরত অবস্থায় ইসমাইল হোসেনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হলে আইনানুগ প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হয়েছে।
