খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বড় জয় পেয়েছে স্বাগতিক খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি। মহালছড়ি স্বপ্নবিলাস প্রমিলা স্পোর্টস একাডেমিকে ১১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করেছে দলটি। ৮ আগস্ট শনিবার বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াদুদ ভূঁইয়া বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায় এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারে।
তিনি আরও বলেন, সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার চর্চা বাড়ানো প্রয়োজন। বিশেষ করে নারী ফুটবলারদের প্রতিভা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এবারের টুর্নামেন্টে পাঁচটি প্রমিলা দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি ও মহালছড়ি স্বপ্নবিলাস প্রমিলা স্পোর্টস একাডেমি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় প্রতিপক্ষকে চাপে রাখে স্বাগতিকরা। ধারাবাহিক আক্রমণে মহালছড়ির রক্ষণভাগ ভেঙে পড়ে। শেষ পর্যন্ত ১১-০ গোলের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি।
উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, টুর্নামেন্ট কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক কাউন্সিলর আনিসুল আলম চৌধুরীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও ফুটবলপ্রেমীরা উপস্থিত ছিলেন।
