জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তপ্তমাস্টারপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় পাহাড়ি-বাঙালি মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ৬ আগস্ট বৃহস্পতিবার মাটিরাঙ্গা জোনের সার্বিক ব্যবস্থাপনায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় প্রায় ১১৫ জন উপকারভোগীর স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এছাড়া তপ্তমাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
চিকিৎসাসেবা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডা. তৌফিক রেজওয়ান ই. রিজভী। তিনি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করেন।
চিকিৎসাসেবা নিতে আসা কান বালা ত্রিপুরা বলেন, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে তারা উপকৃত হয়েছেন। অনেকের পক্ষে চিকিৎসা ও ওষুধের ব্যয় বহন করা সম্ভব হয় না, তাই এ ধরনের উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা।
স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন, পিএসসি বলেন, পার্বত্যাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষায় সহায়তা দিতে মাটিরাঙ্গা জোন নিয়মিত জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
