পানছড়িতে বিনামূল্যে চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন ১০০ রোগী
প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শান্তিপুর অরণ্য কুটিরে দিনব্যাপী বিনামূল্যের চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) আয়োজিত এ ক্যাম্পে প্রায় ১০০ জন রোগী বিশেষজ্ঞ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
ডা. আকেই’ স্কিনকেয়ার লেজার অ্যান্ড এসথেটিক সেন্টারের উদ্যোগে এবং খাগড়াছড়ি স্পেশালাইজড ট্রিটমেন্ট সেন্টার (কেএসটিসি)-এর আয়োজনে অনুষ্ঠিত এই ক্যাম্পে চর্ম, এলার্জি ও এসথেটিক চিকিৎসাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
রোগীদের চিকিৎসাসেবা ও পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আকেইপ্রু চৌধুরী (এমবিবিএস, এমপিএইচ, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং ইন চর্ম, যৌন রোগ ও এলার্জি, ডিপ্লোমা ইন এসথেটিক মেডিসিন)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিপুর অরণ্য কুটিরের অধ্যক্ষ শাসন রক্ষিত মহাস্থবির ভান্তে। এছাড়া কেএসটিসির ম্যানেজার পারভেজ ইসলাম মামুনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং জনস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
চিকিৎসা ক্যাম্পে ব্রণ, মেছতা, একজিমা, সোরিয়াসিস, দাদ, এলার্জি, আঁচিল, তিল, স্কিন ট্যাগ, জন্মদাগ, চুল পড়া এবং যৌন রোগসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যপরামর্শ দেওয়া হয়। পাশাপাশি আধুনিক এসথেটিক চিকিৎসা, লেজার থেরাপি, হাইড্রা ফেসিয়াল, কেমিক্যাল পিলিং, পিআরপি, স্কিন ব্রাইটেনিং, বোটক্স, ফিলার ও থ্রেড লিফট বিষয়ে প্রয়োজনীয় তথ্যও প্রদান করা হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ক্যাম্পে মোট ১০০ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
