মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা

খাগড়াছড়ি মাটিরাঙ্গা

জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম এলাকায় বসবাসরত পাহাড়ি ও বাঙালি অসহায় মানুষের জন্য মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্টের মাটিরাঙ্গা জোন। ১ আগস্ট শনিবার সকালে উপজেলার তাইন্দং ইউনিয়নের মরাটিলা এলাকায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে দরিদ্র নারী-পুরুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

চিকিৎসাসেবা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী। এ সময় জোনের ক্যাপ্টেন মাহিন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেডিকেল ক্যাম্পে সর্দি, কাশি, জ্বরসহ বিভিন্ন সাধারণ ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত শতাধিক মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় জীবনরক্ষাকারী ওষুধ ও ভিটামিন বিনামূল্যে বিতরণ করা হয়। দুর্গম এলাকায় এমন স্বাস্থ্যসেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন।

মানবিক সহায়তা ও চিকিৎসাসেবা পেয়ে তাইন্দং ইউনিয়নের মরাটিলা এলাকার উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খাঁন (পিএসসি) বলেন, পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি, শান্তি ও উন্নয়নের ধারা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। ভবিষ্যতেও দুর্গম এলাকার অসহায় মানুষের জন্য এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *