প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ির ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়নের ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই মঙ্গলবার পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের বিদায়ী জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজি এবং নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল। অনুষ্ঠানে নবাগত জোন কমান্ডারকে স্থানীয়দের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তিনি উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গুইমারা উপজেলা সভাপতি মো. রফিকুল ইসলাম, মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক রবিউল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কারবারি, সাংবাদিক, বাজার কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি হত্যা, অপহরণ, সন্ত্রাস, মাদক, জুয়া, চোরাচালান, অবৈধ বালু উত্তোলন, পাহাড় কাটা এবং কাঠ ও বাঁশ পাচারের মতো অপরাধ প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে বলেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে সেনাবাহিনী সবসময় স্থানীয় প্রশাসন ও জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
