ছোটন বিশ্বাস: খাগড়াছড়ির পানছড়িতে দুর্গম এলাকার মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট বুধবার পানছড়ি মডেল মসজিদ কমপ্লেক্সে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে এবং রোটারি ক্লাব ও লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৬০০ পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ চিকিৎসাসেবা নেন।
ক্যাম্পে তিনজন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক রোগীদের বিভিন্ন ধরনের চোখের সমস্যা পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেন। এ সময় ছানি আক্রান্ত রোগীদের শনাক্ত করে আলাদা তালিকা করা হয়।
সংশ্লিষ্টরা জানান, তালিকাভুক্ত ছানি রোগীদের পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।
খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান বলেন, প্রত্যন্ত এলাকার অনেক মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ পান না। তাই তাদের কাছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু প্রাথমিক চিকিৎসা নয়, প্রয়োজনীয় রোগীদের পরবর্তী চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে।
চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষায়িত চক্ষু চিকিৎসা পৌঁছে দেওয়ায় অনেক দরিদ্র ও অসহায় মানুষ উপকৃত হয়েছেন।
চিকিৎসা কার্যক্রম শেষে অংশগ্রহণকারী রোগীদের মাঝে পরিবেশ সংরক্ষণের বার্তা দিতে বিভিন্ন প্রজাতির গাছের চারাও বিতরণ করা হয়।
