জসীম উদ্দিন জয়নাল : টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির মাটিরাঙ্গা-গোমতি জিসি সড়ক স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামত করে যান চলাচলের উপযোগী করেছে উপজেলা বিএনপি। ২৪ জুলাই শুক্রবার সকাল থেকে গোমতি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত অংশে এ মেরামত কার্যক্রম পরিচালনা করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশনায় এবং মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়ার উদ্যোগে সড়কটি সংস্কারের কাজ সম্পন্ন করা হয়।
মেরামত কার্যক্রমে উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব মো. ফোরকান ইমামীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয় এবং কয়েকটি অংশ ধসে পড়ায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। এতে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ভোগান্তিতে ছিলেন।
এ পরিস্থিতিতে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত স্থানে ইট, বালু ও অন্যান্য উপকরণ ফেলে সড়কটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করা হয়, ফলে গোমতি ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ আবারও স্বাভাবিক হয়।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া বলেন, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত সময়ের মধ্যে মাটিরাঙ্গা-গোমতি জিসি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হয়েছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সড়কটি মেরামতের ফলে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও যানবাহন চালকদের চলাচল সহজ হয়েছে। দ্রুত উদ্যোগ নিয়ে সড়কটি সংস্কার করায় এলাকাবাসী সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
