বিদ্যুৎ সংযোগ না থাকায় চালু হচ্ছে না গুইমারা উপজেলা প্রশাসনিক ভবন

খাগড়াছড়ি অর্থনীতি গুইমারা জাতীয়

প্রতিনিধি: বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় খাগড়াছড়ির নবগঠিত গুইমারা উপজেলা প্রশাসনিক ভবনে এখনো প্রশাসনিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। সংশ্লিষ্টদের দাবি, বিদ্যুৎ বিভাগের জটিলতা ও সমন্বয়ের অভাবে দীর্ঘদিন ধরে ভবনটি ব্যবহারের বাইরে থাকায় জনসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

জানা গেছে, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০২৩ সালে ১৩ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে চারতলা প্রশাসনিক ভবনের নির্মাণকাজ শুরু হয়। কয়েক দফা সময় বাড়ানোর পর ঠিকাদারি প্রতিষ্ঠান এস অনন্ত ট্রেডার্স ভবনের নির্মাণকাজ সম্পন্ন করে। প্রকল্পে বিদ্যুৎ সংযোগের জন্য প্রায় ২ লাখ টাকা বরাদ্দ থাকলেও এখনো সংযোগ দেওয়া হয়নি।

গুইমারা উপজেলা উপসহকারী প্রকৌশলী রুহুল কুদ্দুস নাঈম জানান, ভবনের শতভাগ নির্মাণকাজ শেষ হয়েছে। শুধু বিদ্যুৎ সংযোগ পেলেই প্রশাসনিক কার্যক্রম নতুন ভবনে স্থানান্তর করা সম্ভব হবে। তিনি বলেন, ভবনের পাশের সরকারি দপ্তরগুলোতে বিদ্যুৎ সংযোগ থাকলেও প্রশাসনিক ভবনের জন্য অতিরিক্ত ব্যয়ের দাবি করা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান পাঁচটি বৈদ্যুতিক খুঁটি, তার এবং একটি থ্রি-ফেজ ট্রান্সফরমারের জন্য প্রায় ৪ লাখ টাকা ব্যয় করতে আগ্রহ প্রকাশ করলেও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগের দায়িত্বে থাকা মো. মোস্তফা বলেন, বিষয়টি নিয়ে মাটিরাঙ্গা আবাসিক প্রকৌশলী ও জেলা নির্বাহী প্রকৌশলীর কাছে আবেদন করা হলেও এখনো সংযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে মাটিরাঙ্গা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী জিয়া উদ্দীন বলেন, প্রশাসনিক ভবনে বিদ্যুৎ সংযোগ দিতে প্রায় ৪৫ লাখ টাকা জমা দিতে হবে বলে তিনি জেনেছেন। তবে বিষয়টির বিস্তারিত জেলা নির্বাহী প্রকৌশলী জানাতে পারবেন।

জেলা নির্বাহী প্রকৌশলী কুন্তল সরকার বলেন, তিনি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং সরেজমিনে পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসকাতুল তামান্না জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করা হয়েছে। তবে সংযোগ না পাওয়ায় নতুন ভবনে প্রশাসনিক কার্যক্রম শুরু করা যাচ্ছে না। তিনি দ্রুত সংযোগ প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ২০১৪ সালে গুইমারা উপজেলা প্রতিষ্ঠার পর থেকে ইউনিয়ন পরিষদ ভবনে অস্থায়ীভাবে উপজেলা প্রশাসনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থায়ী প্রশাসনিক ভবন চালু না হওয়ায় অনেক সরকারি দপ্তর এখনো নিজস্ব কার্যালয় পায়নি এবং ভাড়া করা ভবনে কার্যক্রম পরিচালনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *