
প্রতিনিধি:বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী স্কয়ার থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে কোর্ট বিল্ডিং অতিক্রম করে মুক্তমঞ্চে এসে শেষ হয়। এতে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত বিপুলসংখ্যক ছাত্রনেতা ও কর্মী অংশগ্রহণ করেন। র্যালিতে সংগঠনের ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
র্যালি শেষে মুক্তমঞ্চে এক সমাবেশের আয়োজন করা হয়। এতে খাগড়াছড়ি জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুর সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিনহাজুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমের শিক্ষা নিয়ে ছাত্রসমাজের মধ্যে কাজ করে যাচ্ছে। তারা বলেন, ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে ছাত্রসমাজকে সৎ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ছাত্রশিবিরের ভূমিকা আরও সুসংহত করা প্রয়োজন।
সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :