৪৩ বছর পর খাগড়াছড়িতে চালু হলো ট্রেজারি কার্যক্রম

ব্রেকিং নিউজ খাগড়াছড়ি

প্রতিনিধি:

জেলা ঘোষণার দীর্ঘ ৪৩ বছর পর নিজস্ব ট্রেজারি ভবন ও কার্যক্রম চালু হয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলায়। এর ফলে সরকারি আর্থিক ব্যবস্থাপনা ও ট্রেজারিসংশ্লিষ্ট সেবা পেতে জেলার সরকারি দপ্তর, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

১০ নভেম্বর মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নবনির্মিত ট্রেজারি ভবন ও কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দীন। জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের উদ্যোগ ও পরিকল্পনায় এ কার্যক্রম চালুর ব্যবস্থা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক সাদিয়া আফরিন কচি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানাসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৯৮৩ সালে খাগড়াছড়ি পার্বত্য জেলা হিসেবে ঘোষিত হওয়ার পর থেকে এখানে নিজস্ব ট্রেজারি কার্যক্রম চালু ছিল না। ফলে সরকারি অর্থ ব্যবস্থাপনা, স্ট্যাম্প সংগ্রহসহ ট্রেজারিসংশ্লিষ্ট বিভিন্ন সেবা পেতে জেলার সরকারি দপ্তর ও সাধারণ মানুষকে বাইরের জেলার ওপর নির্ভর করতে হতো। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি প্রশাসনিক কাজেও জটিলতা তৈরি হতো।

বিশেষ করে জেলার দুর্গম ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার কারণে এসব সেবা গ্রহণে ভোগান্তি পোহাতে হতো সেবাপ্রত্যাশীদের। নতুন ট্রেজারি কার্যক্রম চালুর ফলে এখন থেকে এসব সেবা স্থানীয় পর্যায়েই পাওয়া সম্ভব হবে।

জেলা প্রশাসন আরও জানায়, ট্রেজারি কার্যক্রম চালুর জন্য জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, ডাবল লক ব্যবস্থা স্থাপন, অগ্নিনিরাপত্তা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাসহ আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অর্থ বিভাগের অনুমোদন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

এ উদ্যোগ বাস্তবায়নে গত সাত মাস ধরে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ও তাঁর কার্যালয়ের কর্মকর্তারা ধারাবাহিকভাবে কাজ করেছেন বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

দীর্ঘ প্রতীক্ষার পর নিজস্ব ট্রেজারি কার্যক্রম চালু হওয়ায় খাগড়াছড়ির প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি এবং সরকারি সেবা সহজীকরণে নতুন সুযোগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের আশা, এর মাধ্যমে জেলার সরকারি আর্থিক কার্যক্রম আরও দ্রুত, সহজ ও কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *