দীঘিনালায় কিশোরীকে দা দিয়ে কোপানোর ঘটনায় সালিশে সীমানা বিরোধের নিষ্পত্তি

🏛️ রাজনীতি অপরাধ খাগড়াছড়ি দীঘিনালা

মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ :

খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিবেশীদের মধ্যে দীর্ঘদিনের সীমানা বিরোধকে কেন্দ্র করে ১৫ বছর বয়সী তানজিলা আক্তারকে দা দিয়ে আঘাত করার ঘটনায় সামাজিক সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। সাক্ষ্য-প্রমাণ ও উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা করে সীমানা নির্ধারণসহ কয়েকটি সিদ্ধান্ত দেওয়া হয়। ৯ নভেম্বর সোমবার  সালিশের সিদ্ধান্ত চূড়ান্তভাবে বাস্তবায়ন করা হয়েছে।

সালিশি বৈঠকে দীঘিনালা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোতালেব হোসেনের নেতৃত্বে সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলম দুলাল, স্থানীয় নেতা মো. মাহাতাব হোসেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী মো. হামিদুল ও কামাল হোসেনের মধ্যে দীর্ঘ কয়েক বছর ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১৬ অক্টোবর বিকেলে হামিদুল সীমানা পিলারের বাইরে একটি বাঁশের খুঁটি স্থাপন করেন। এ নিয়ে কামাল হোসেন আপত্তি জানিয়ে খুঁটিটি তাঁর সীমানা বরাবর স্থাপনের অনুরোধ করলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

অভিযোগ অনুযায়ী, এ সময় হামিদুল, তাঁর স্ত্রী মোছা. শিমুল (৪৫) এবং তাঁদের মেয়েরা ঘটনাস্থলে এসে গালিগালাজ ও ইট-পাটকেল নিক্ষেপ করেন। পাশাপাশি লাঠিসোঁটা দিয়ে মারধরের ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে হামিদুলের বড় মেয়ে মোছা. হামিদা দা নিয়ে কামাল হোসেনকে আঘাত করতে উদ্যত হলে তাঁর মেয়ে তানজিলা আক্তার বাধা দিতে এগিয়ে আসে। এ সময় তানজিলার হাতে দার কোপ লাগে। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে হামিদার কাছ থেকে দাটি উদ্ধার করেন।

পরে স্থানীয়রা আহত তানজিলাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর আহত হাতে সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনার পর বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সামাজিক সালিশের উদ্যোগ নেওয়া হয়। সালিশে উপস্থিত ব্যক্তিরা উভয় পক্ষের বক্তব্য ও ঘটনার বিবরণ পর্যালোচনা করে ভবিষ্যতে এ ধরনের বিরোধ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কয়েকটি সিদ্ধান্ত দেন।

সিদ্ধান্ত অনুযায়ী, সীমানায় থাকা জীবন্ত গাছ কাটা যাবে না এবং নতুন করে কোনো গাছ রোপণ করা যাবে না। সীমানার বেড়া নির্মাণের ক্ষেত্রে পিলার ব্যবহার করতে হবে। নিচের সমতল অংশে কামাল হোসেনের এবং ওপরের অংশে হামিদুলের সীমানা অনুযায়ী পৃথক পিলার ও বেড়া নির্মাণ করতে হবে।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর রাতে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ২ নম্বর মধ্য বোয়ালখালী (আশ্রম) এলাকায় মো. রেজাউল করিমের সভাপতিত্বে সামাজিক সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিরোধ নিষ্পত্তির বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হলেও সোমবার (৯ নভেম্বর) তা চূড়ান্তভাবে বাস্তবায়ন করা হয়।

সালিশে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, উভয় পক্ষ সিদ্ধান্তগুলো মেনে চললে দীর্ঘদিনের সীমানা বিরোধের অবসান ঘটবে এবং এলাকায় শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *