প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়ির গুইমারায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা বিএনপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু।
গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চেতনার ইতিহাসে এ দিনটি গুরুত্বপূর্ণ। তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি দলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে গুইমারা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
