জসীম উদ্দিন জয়নাল :
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। ৭ নভেম্বর শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা, দেশাত্মবোধক সংগীত পরিবেশন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।
আলোচনা সভায় দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র কিশোর ত্রিপুরা, বীর মুক্তিযোদ্ধা হানিফ হাওলাদার এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমেন চাকমা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহ আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির পাটোয়ারী, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।
সভাপতির বক্তব্যে ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, ৭ নভেম্বর জাতীয় জীবনে বিশেষ তাৎপর্যপূর্ণ একটি দিন। ১৯৭৫ সালের এই দিনে জাতীয় ঐক্য ও সংহতির একটি দৃষ্টান্ত তৈরি হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। বিভেদ ভুলে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু।
