খাগড়াছড়িতে আন্তর্জাতিক প্রসবকালীন ফিস্টুলা নির্মূল দিবস পালিত


hello.ahmedpolash প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৪:১১ অপরাহ্ন /
খাগড়াছড়িতে আন্তর্জাতিক প্রসবকালীন ফিস্টুলা নির্মূল দিবস পালিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : “আন্তর্জাতিক প্রসবকালীন ফিস্টুলা নির্মূল দিবস” উপলক্ষে খাগড়াছড়িতে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২১ মে সকালে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আয়োজনে এবং সিআইপিআরবি ও ইউএনএফপিএ বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, প্রসবকালীন ফিস্টুলা একটি প্রতিরোধযোগ্য স্বাস্থ্য জটিলতা। নিরাপদ মাতৃত্বসেবা নিশ্চিত করা, দক্ষ স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে প্রসব করানো এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ সমস্যা প্রতিরোধ করা সম্ভব। তারা নারীর স্বাস্থ্য সুরক্ষায় পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, নার্স, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং হাসপাতালের কর্মচারীরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. জয়া চাকমা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আব্দুল্লাহ, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া বেগম, আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পি চাকমা, সিভিল সার্জন কার্যালয়ের এসআরএইচআর কো-অর্ডিনেটর ডা. শ্রাবস্তী চাকমা, গ্রীণ হিলের জেলা সমন্বয়ক রুপান্ত চাকমা এবং ইউএনএফপিএ ফিস্টুলা প্রকল্পের জেলা সমন্বয়ক মো. মুস্তাফিজুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা আরও বলেন, প্রসবকালীন ফিস্টুলা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, দ্রুত শনাক্তকরণ এবং সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ সমন্বিতভাবে কাজ করছে। নারীর সুস্বাস্থ্য, মর্যাদা ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন।