গুইমারায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন

খাগড়াছড়ি গুইমারা 🎓 শিক্ষা

প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬ (সিজন-২) উদ্বোধন করা হয়েছে। ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসকাতুল তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, ক্রীড়া সংগঠক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মিসকাতুল তামান্না বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়াপ্রতিভা বিকাশ, শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে ধরতে এ উদ্যোগ সহায়ক হবে। নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার প্রসার ঘটবে এবং ভবিষ্যতের দক্ষ খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *