মাটিরাঙ্গায় ২০ লাখ টাকা ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪

অপরাধ খাগড়াছড়ি মাটিরাঙ্গা

জসীম উদ্দিন জয়নাল :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ব্যবসায়ীর ২০ লাখ টাকা ডাকাতির ঘটনায় সাত দিনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুটি দেশীয় ছুরি, তিনটি মোটরসাইকেল, ছয়টি মোবাইল ফোন, নগদ ৫৯ হাজার টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

১৯ অক্টোবর সোমবার  দুপুরে মাটিরাঙ্গা থানা পুলিশ জানায়, গত ১২ অক্টোবর ডাকাতির ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশনায় মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিনের সহযোগিতায় একটি দল অভিযান শুরু করে। পরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আমবাগান এলাকার ফরিদ মিয়ার ছেলে মো. আলী হোসেন, একই এলাকার মৃত নুরুল আলমের ছেলে ইউসুফ মিয়া ওরফে নয়ন, একই ইউনিয়নের খেদাছড়া এলাকার আব্দুল হালিমের ছেলে আবু মুছা এবং মাটিরাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে নোমান ইসলাম রাব্বি।

মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার তদন্ত ও অন্যান্য আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *