মহালছড়িতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

জাতীয় খাগড়াছড়ি মহালছড়ি 🎓 শিক্ষা

ছানোয়ার হোসেন :

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। ১৯ অক্টোবর সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবু দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সুমন মিয়া, মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন ও সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা মোছাম্মৎ হাসিনা আক্তার।

আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ ও নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, কন্যাশিশুর নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। প্রতিটি কন্যাশিশুকে শিক্ষা, অধিকার ও সমান সুযোগ প্রদানের মাধ্যমে আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

বক্তারা কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের স্বপ্নপূরণের সুযোগ সৃষ্টি এবং বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *