সবুজ পাতা ডেস্ক :
খাগড়াছড়ির মানিকছড়িতে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে দুটি সড়ক ও একটি গ্রামীণ মার্কেটের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। ১৭ অক্টোবর শনিবার বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পগুলোর উদ্বোধন করেন সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে একসত্যাপাড়া-বড়বিল সড়ক, যোগ্যাছোলা বাজার-ছদুরখীল সড়ক এবং যোগ্যাছোলা বাজারে নির্মিত দ্বিতল গ্রামীণ মার্কেট। এর মধ্যে একসত্যাপাড়া-বড়বিল সড়কের ২ দশমিক ৭৩০ কিলোমিটার অংশ ৩ কোটি ১৮ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে এবং যোগ্যাছোলা বাজার-ছদুরখীল সড়কের ১ দশমিক ৪৯১ কিলোমিটার অংশ ৮৩ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে কার্পেটিং করা হয়েছে। অন্যদিকে, যোগ্যাছোলা বাজারে ১ কোটি ৯৭ লাখ ১১ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দ্বিতল গ্রামীণ মার্কেট। প্রকল্প তিনটিতে মোট ব্যয় হয়েছে ৫ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, উন্নয়ন শুধু বিভিন্ন স্থাপনা নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।
তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলে কৃষকেরা সহজে তাঁদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারবেন। এতে পরিবহন ব্যয় ও ভোগান্তি কমার পাশাপাশি কৃষকের আয় বাড়বে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। মানুষের জীবনমান উন্নয়ন ও আয়ের সুযোগ সৃষ্টিতে সহায়ক প্রকল্প বাস্তবায়নেও সরকার গুরুত্ব দিচ্ছে।
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে হয়রানি, জুলুম কিংবা নির্যাতনের অভিযোগ থাকলে তা সরাসরি অথবা খুদে বার্তার মাধ্যমে তাঁকে জানানোর আহ্বান জানান ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, অভিযোগের ক্ষেত্রে সত্য ও নির্ভরযোগ্য তথ্য দিতে হবে, যাতে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। সাধারণ মানুষের ওপর কোনো ধরনের জুলুম-নির্যাতন বরদাশত করা হবে না বলেও জানান তিনি।
অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম এন আবছার, এলজিইডির খাগড়াছড়ি জেলা নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার রহমান, জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্রমোহন রোয়াজা ও আবদুর রব রাজা, যুগ্ম সম্পাদক আবদুল মালেক মিন্টু, স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক এম এ করিম, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এনামুল হক এনাম, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন এবং জেলা পরিষদ সদস্য মংসাপ্রু চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
