জসীম উদ্দিন জয়নাল :
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে বসতঘর ও প্রয়োজনীয় মালামাল হারানো বিধবা নুরজাহানে বেগমের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহায়তার পাশাপাশি তাঁর বসবাসের জন্য নতুন ঘর নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান।
১৭ অক্টোবর শনিবার দুপুরে মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন।
এর আগে ১৫ অক্টোবর বৃহস্পতিবার মধ্যরাতে আগুনে পুড়ে যায় নুরজাহানে বেগমের বসতঘর। তিনি বড়নাল ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের প্রয়াত সভাপতি আব্দুল জব্বারের স্ত্রী। আগুনে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যাওয়ায় পরিবারটি চরম দুর্ভোগে পড়ে।
ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে পাঁচ বান্ডিল ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, অগ্নিকাণ্ডে নুরজাহানে বেগমের ব্যাপক ক্ষতি হয়েছে। একজন অসহায় বিধবার এমন দুর্দিনে তাঁর পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ক্ষতি কাটিয়ে তাঁকে স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করার জন্য সাধ্যমতো উদ্যোগ নেওয়া হবে। তাঁর বসবাসের জন্য নতুন ঘর নির্মাণের ব্যবস্থাও করা হচ্ছে।
পরিদর্শনকালে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ, বড়নাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সোলেমান বাদশা, যুগ্ম আহ্বায়ক মো. জামাল উদ্দিন জালাল, দপ্তর সম্পাদক মো. আবুল কাশেম ডিলার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল হক, সাধারণ সম্পাদক মো. মমিনুর রহমান, আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিল মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল হালিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
