প্রতিনিধি :
‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে খাগড়াছড়ি শহরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ স্যানিটেশন এবং রোগ প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
১৪ অক্টোবর বুধবার সকালে খাগড়াছড়ি পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (ইউজিআইপি) সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্রশাসক সাদিয়া আফরিন কচি।
সভায় বক্তব্য দেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা পারভিন আক্তার খন্দকারসহ জেলা কৃষি, প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা বিভাগের প্রতিনিধি, গণপূর্ত বিভাগ এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ জীবনযাপন ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্যক্তিগত পরিচ্ছন্নতার পাশাপাশি নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার মতো সহজ অভ্যাস বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাঁরা আরও বলেন, স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তুলতে পরিবার ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
