মহালছড়িতে নলেজ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

🎓 শিক্ষা খাগড়াছড়ি মহালছড়ি

ছানোয়ার হোসেন: 

খাগড়াছড়ির মহালছড়িতে ইমাম আ’লা হযরত (রহ.) স্মৃতি নলেজ কুইজ প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১০ অক্টোবর শনিবার  দুপুর ২টায় মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিযোগিতার আয়োজক কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন ছিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ, মহালছড়ি শাখার সভাপতি মুহাম্মদ আলী, মহালছড়ি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আব্দুল ছাত্তার মেম্বার এবং মহালছড়ি বাজারের ব্যবসায়ী মুহাম্মদ আবুল কাশেম।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বিকাশে কুইজ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাঠ্যবইয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান, নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ অর্জনে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করে। পাশাপাশি সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার মাধ্যমে তাদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।

অনুষ্ঠানের একপর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় আয়োজক কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইমাম আ’লা হযরত (রহ.) স্মৃতি নলেজ কুইজ আয়োজক কমিটি, মহালছড়ি এ অনুষ্ঠানের আয়োজন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *