প্রতিনিধি:
সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে খাগড়াছড়ির গুইমারায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
১০ অক্টোবর শনিবার সকালে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আমিন উল্লাহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মাহবুব আলী ও গুইমারা প্রেসক্লাবের সভাপতি মো. আবদুল আলী।
বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতি, অনিয়ম বা আর্থিক দুর্নীতিতে জড়িত হলে সংশ্লিষ্টদের কঠোর পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তাঁরা। পাশাপাশি দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বক্তারা।
এ সময় গুইমারা উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমান, খাগড়াছড়ি সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী আমিন উল্লাহসহ প্রশিক্ষণে অংশ নেওয়া সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন।
