নাঈমুল ইসলাম ভূইয়া : খাগড়াছড়ি জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিভিন্ন সংকট নিরসনে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। ২৮ সেপ্টেম্বর সোমবার বিকেল ৩টায় খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। সভায় সভাপতিত্ব করেন জেলার সিভিল সার্জন।
মতবিনিময় সভায় জেলার নয়টি উপজেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তা এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
সভায় জেলার সার্বিক স্বাস্থ্যসেবা পরিস্থিতি, বিভিন্ন প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যা এবং সেবার পরিধি বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর অবকাঠামো উন্নয়ন, প্রয়োজনীয় জনবল নিয়োগ, চিকিৎসক ও টেকনিশিয়ানের ঘাটতি পূরণ এবং চিকিৎসাসেবার মান বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা নিজ নিজ এলাকার হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের সমস্যা এবং প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে পর্যাপ্ত জনবল, প্রয়োজনীয় সরঞ্জাম ও অবকাঠামো নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় ওয়াদুদ ভূইয়া বলেন, খাগড়াছড়ির মানুষের জন্য কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। জেলার স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি চিকিৎসক, টেকনিশিয়ানসহ দক্ষ ও প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য ও দুর্গমতা বিবেচনায় নিয়ে প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ সহজ করতে হবে। এ ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় জেলার স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা, উন্নয়নের সম্ভাব্য উদ্যোগ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে কর্মকর্তারা মতামত দেন। পাশাপাশি স্বাস্থ্যসেবার উন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও পক্ষগুলোর মধ্যে আরও কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
