প্রতিনিধি:
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার শিলাছড়ি পাড়ায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা উপলক্ষে আয়োজিত পুণ্যানুষ্ঠান পরিদর্শন করেছেন লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম, পিপিএম, পিএসসি, জি।
২৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে তিনি অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে ধর্মীয় কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন জোন কমান্ডার।
মধু পূর্ণিমা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বুদ্ধমূর্তি দান, সংঘদান ও অষ্টপরিষ্কার দানসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে জোন কমান্ডারের পক্ষ থেকে আয়োজকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি শুভেচ্ছার নিদর্শন হিসেবে আয়োজকদের হাতে স্যুভেনির তুলে দেওয়া হয়।
জোন কমান্ডারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
