জসীম উদ্দিন জয়নাল :
খেলাধুলার মানোন্নয়ন ও স্থানীয় পর্যায়ে তরুণ ফুটবল প্রতিভা গড়ে তোলার লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২০ জন তরুণ ফুটবলারকে মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২১ সেপ্টেম্বর সোমবার দুপুরে গোমতী বি.কে. উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি।
গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে তরুণদের ফুটবলের মৌলিক ও আধুনিক বিভিন্ন কৌশল শেখানো হয়। এর মধ্যে বল নিয়ন্ত্রণ, পাসিং, ড্রিবলিং, শুটিং ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির অনুশীলন রয়েছে।
প্রশিক্ষণে দলগত সমন্বয়, শৃঙ্খলা, নিয়ম মেনে খেলা এবং প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়। নিয়মিত অনুশীলনের মাধ্যমে খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতার পাশাপাশি দলীয় পারফরম্যান্স উন্নত করার চেষ্টা করা হয়েছে।
প্রশিক্ষণ চলাকালে খেলোয়াড়দের সঙ্গে বিভিন্ন কৌশল ও প্রশিক্ষণের অভিজ্ঞতা নিয়ে মতবিনিময় করেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক। এ সময় প্রশিক্ষক সুলতান ভূঁইয়া, গোমতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু ফজল ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মেজর আলতাফ মাহমুদ রুবেল বলেন, তরুণদের প্রতিভা বিকাশে নিয়মিত অনুশীলনের পাশাপাশি উপযুক্ত সুযোগ ও দিকনির্দেশনা প্রয়োজন। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী খেলোয়াড়দের দক্ষতা আরও বাড়বে এবং ভবিষ্যতে তারা উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন।
তিনি আরও বলেন, তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখা হলে তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত সহযোগিতার মানসিকতা গড়ে ওঠে। পাশাপাশি তাদের বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতেও খেলাধুলা ভূমিকা রাখতে পারে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ২০ জন খেলোয়াড়কে সনদ দেওয়ার কথাও জানান তিনি।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, দুর্গম পাহাড়ি এলাকার তরুণদের জন্য নিয়মিত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতার সুযোগ তৈরি করা গুরুত্বপূর্ণ। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে মাটিরাঙ্গার তরুণ খেলোয়াড়রা ভবিষ্যতে বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতায় নিজেদের দক্ষতা তুলে ধরতে পারবেন।
