জসীম উদ্দিন জয়নাল :
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অসহায় ও সুবিধাবঞ্চিত পাহাড়ি-বাঙালি মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। ২০ সেপ্টেম্বর রোববার সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের উদ্যোগে এ চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এতে প্রায় ১৫০ জন নারী-পুরুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ দেওয়া হয়।
চিকিৎসাসেবা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডা. রেজওয়ান তৌফিক ই রিজভী। তিনি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিভিন্ন রোগের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ সরবরাহ করেন।
চিকিৎসাসেবা নিতে আসা রুমা আক্তার বলেন, অনেক মানুষের পক্ষে চিকিৎসকের পরামর্শ নেওয়া ও প্রয়োজনীয় ওষুধ কেনা কঠিন। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় তিনি উপকৃত হয়েছেন।
মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল বলেন, পার্বত্য এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিয়মিত এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আয়োজকরা জানান, দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বাড়ানো এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়াই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
