জসীম উদ্দিন জয়নাল :
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে সদর ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর শনিবার মাটিরাঙ্গা উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
মাটিরাঙ্গা সদর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী থামছি বালা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম। সভা সঞ্চালনা করেন মাটিরাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির দপ্তর সদস্য সুনী ত্রিপুরা।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার এবং উপজেলা মহিলা দলের সহসভাপতি অজিফা সিরাজ।
এ সময় ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়ানো, সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার এবং ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও সক্রিয় অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন। মহিলা দলের নেতাকর্মীদেরও সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথি মোহাম্মদ বদিউল আলম বলেন, তৃণমূল পর্যায় একটি রাজনৈতিক সংগঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয়ভাবে সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত করার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা করা হয়।
