খাগড়াছড়িতে ১০৭ কৃতী শিক্ষার্থীকে প্রথম আলোর সংবর্ধনা

🎓 শিক্ষা খাগড়াছড়ি

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :

জিপিএ-৫ অর্জনকারী ১০৭ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে প্রথম আলো। ‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ প্রতিপাদ্যে শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনায় উৎসাহিত করতে এ আয়োজন করা হয়।

রোববার সকালে খাগড়াছড়ি জেলা সদরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা এতে অংশ নেয়। অনুষ্ঠানে তাদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক, কবি ও সাহিত্যিক বিম্বজিৎ চৌধুরী, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা, বৃক্ষরোপণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহফুজ রাসেল এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যো হ্লা মং।

বক্তারা কৃতী শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান। ভবিষ্যতে বড় স্বপ্ন দেখার পাশাপাশি অর্জিত জ্ঞান, মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

আয়োজকেরা বলেন, পরীক্ষায় ভালো ফলাফল শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও এটিই সাফল্যের শেষ ধাপ নয়। অর্জিত ফলাফলকে ভিত্তি করে শিক্ষার্থীদের আরও দক্ষ, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার প্রয়োজন রয়েছে। সেই লক্ষ্যেই কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ আয়োজন করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করেন, শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময়ে এমন স্বীকৃতি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে। পাশাপাশি ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে আরও ভালো করার জন্য এ ধরনের আয়োজন অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রথম আলোর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি জয়ন্তী দেওয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *