মহালছড়িতে কৃষি ও বজ্রপাত সচেতনতায় শিক্ষার্থীদের নিয়ে আলোচনা

🎓 শিক্ষা খাগড়াছড়ি মহালছড়ি

ছানোয়ার হোসেন :

শিক্ষার্থীদের মধ্যে কৃষি বিষয়ে আগ্রহ তৈরি, খাদ্য উৎপাদনে কৃষির গুরুত্ব তুলে ধরা এবং বজ্রপাত থেকে নিরাপদ থাকার বিষয়ে সচেতনতা বাড়াতে খাগড়াছড়ির মহালছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুজ্জামান। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ চাকমা, মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত চৌধুরী, উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা তৃপ্তিকর চাকমাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের কৃষির গুরুত্ব, কৃষিবিষয়ক পড়াশোনা এবং ভবিষ্যতে কৃষিকে পেশা হিসেবে বেছে নেওয়ার বিভিন্ন সম্ভাবনা সম্পর্কে ধারণা দেওয়া হয়। আধুনিক প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক কৃষির মাধ্যমে কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ নিয়েও আলোচনা করা হয়।

একই সঙ্গে বজ্রপাতের ঝুঁকি, প্রাণহানির কারণ এবং বজ্রপাতের সময় নিরাপদ থাকার বিভিন্ন কৌশল শিক্ষার্থীদের জানানো হয়। ঝড়-বৃষ্টির সময় খোলা মাঠ, উঁচু স্থান ও গাছের নিচে অবস্থান না করা এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় তালগাছসহ দেশীয় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়। পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের নিজ নিজ পরিবার ও এলাকায় বৃক্ষরোপণে উৎসাহিত করার আহ্বান জানান বক্তারা।

পরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুজ্জামান শিক্ষার্থীদের কৃষিসংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রশ্নোত্তর পর্ব শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে জার্সি ও ‘কৃষিকথা’ বই উপহার দেওয়া হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই কৃষি, পরিবেশ ও দুর্যোগ মোকাবিলা বিষয়ে সচেতন করে গড়ে তুলতে পারলে তারা ভবিষ্যতে দেশের কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *