পার্বত্য অঞ্চলের কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী

খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম ব্রেকিং নিউজ

ঢাকা প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্যময় কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির বিকাশ এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এর প্রসারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু, এমপি।

১৪ সেপ্টেম্বর সোমবার  বাংলাদেশ সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা কামনা করেন।

এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু তাঁর পিএস (উপসচিব) মোহাম্মদ রাশেদুল হককে সঙ্গে নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর দপ্তরে যান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী তাকে স্বাগত জানান।

সাক্ষাতে পার্বত্য চট্টগ্রামের প্রকৃতি, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার নিয়ে দুই মন্ত্রীর মধ্যে আলোচনা হয়। পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় সংস্কৃতিকে দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

মন্ত্রী সাচিং প্রু বলেন, বান্দরবানসহ পার্বত্য অঞ্চলে বসবাসরত বিভিন্ন জাতিসত্তার মানুষের নিজস্ব ভাষা, পোশাক, আচার-অনুষ্ঠান, রীতিনীতি ও লোকসংস্কৃতি এ অঞ্চলের অন্যতম বড় সম্পদ। এসব বৈচিত্র্যকে সংরক্ষণ ও বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

তিনি বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিস্তারের মাধ্যমে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতির পরিবেশ আরও শক্তিশালী করা সম্ভব। পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও সাংস্কৃতিক জাগরণকে এগিয়ে নিতে সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেন তিনি।

সৌজন্য সাক্ষাতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপিও উপস্থিত ছিলেন। তিনি দুই মন্ত্রণালয়ের সমন্বয়ে সাংস্কৃতিক বিনিময় ও যৌথ কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু আগামী ২৫ অক্টোবর বান্দরবানে আয়োজিত প্রবারণা পূর্ণিমা ও পিঠা উৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *