পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠনে মারমা ঐক্য পরিষদের অভিনন্দন

খাগড়াছড়ি 🏛️ রাজনীতি

ছোটন বিশ্বাস:

পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জাতীয়, নির্বাহী ও পরামর্শক কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, খাগড়াছড়ি জেলা কমিটি। ১৩ সেপ্টেম্বর রোববার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে নবগঠিত কমিটিগুলোর কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এসব কমিটির মাধ্যমে পার্বত্য এলাকার মানুষের কল্যাণে সমন্বিত উদ্যোগ বাড়বে এবং শান্তি ও সম্প্রীতির পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে তারা প্রত্যাশা করছেন।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনাগুলো বিবেচনায় নিয়ে বাস্তবভিত্তিক পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া প্রয়োজন। পাশাপাশি স্থানীয় মানুষের স্বার্থ ও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি সুধাঅং মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক থোয়াইলাপ্রু মারমা, জেলা মহিলা মারমা কমিটির সভানেত্রী চাইঞাং মারমা এবং সদর উপজেলা কমিটির সভাপতি মংথই মারমাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *