খাগড়াছড়িতে সেনা রিজিয়নের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

খাগড়াছড়ি চিকিৎসা

ছোটন বিশ্বাস :

দুর্গম ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর শনিবার সকাল থেকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

ক্যাম্পে জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আসা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ ও চিকিৎসাবিষয়ক দিকনির্দেশনা দেওয়া হয়। এতে বিভিন্ন রোগের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

মেডিক্যাল ক্যাম্পে চর্ম ও যৌন রোগ, মেডিসিন, নাক-কান-গলা (ইএনটি), চক্ষু এবং স্ত্রী রোগ ও প্রসূতিবিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দেন। বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসা নিতে ক্যাম্পে উপস্থিত হন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে জেলার বিভিন্ন দুর্গম এলাকা থেকে সহস্রাধিক মানুষ ক্যাম্পে আসেন। এতে কম খরচে বা বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ পান সুবিধাবঞ্চিত রোগীরা।

খাগড়াছড়ি সেনা রিজিয়নের ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ারুস সাদাত বলেন, দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *