গৃহকর্মী তানিয়ার ওপর দেড় বছর নির্যাতনের অভিযোগ

অপরাধ খাগড়াছড়ি মাটিরাঙ্গা

নাঈমুল ইসলাম ভূঁইয়া:

গৃহকর্মীর কাজ দেওয়ার কথা বলে দালালের মাধ্যমে ঢাকায় নেওয়ার পর খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তরুণী তানিয়ার ওপর দীর্ঘদিন শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, প্রায় দেড় বছর ধরে তাকে বিভিন্নভাবে নির্যাতনের পাশাপাশি ঠিকমতো খাবারও দেওয়া হয়নি।

তানিয়ার পরিবারের ভাষ্য, মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের বাসিন্দা তানিয়াকে গৃহকর্মীর কাজের জন্য তোফাজ্জল নামে এক ব্যক্তির মাধ্যমে ঢাকায় পাঠানো হয়। সেখানে যে বাসায় তিনি কাজ করতেন, ওই কর্মস্থলে যাওয়ার পর থেকেই তার ওপর নির্যাতন শুরু হয় বলে পরিবারের অভিযোগ।

ভুক্তভোগীর দাবি, দীর্ঘ সময় তাকে মানবেতর পরিবেশে থাকতে হয়েছে। এমনকি প্রায় এক বছর পর্যন্ত নিয়মিত খাবার দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন তিনি। নির্যাতন ও অনাহারের কারণে তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

তানিয়া অভিযোগ করে বলেন, তার সঙ্গে এমন আচরণ করা হয়েছে, যা কোনো মানুষের প্রতি করা উচিত নয়। তিনি আর কোনো নারী বা কিশোরী যেন এমন পরিস্থিতির শিকার না হন, সে জন্য ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ভুক্তভোগীর পরিবারও অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সংশ্লিষ্টদের শনাক্ত করার পাশাপাশি তানিয়ার নিরাপত্তা ও যথাযথ সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

এদিকে স্থানীয়রা বলছেন, গৃহকর্মীর চাকরির কথা বলে দরিদ্র পরিবারের নারী ও কিশোরীদের দেশের বিভিন্ন শহরে পাঠানোর ক্ষেত্রে দালালদের কার্যক্রম এবং কর্মস্থলে তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা প্রয়োজন। একই সঙ্গে এ ধরনের অভিযোগের দ্রুত তদন্ত ও প্রতিকার নিশ্চিত করার দাবিও জানান তারা।

তানিয়ার পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *