পাকুয়াখালী গণহত্যা দিবস পালন করেছে খাগড়াছড়ি পিসিএনপি
নিজস্ব প্রতিবেদক:
৯ সেপ্টেম্বর ‘পাকুয়াখালী গণহত্যা দিবস’। ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর রাঙামাটি জেলার লংগদু ও বাঘাইছড়ি উপজেলার মধ্যবর্তী দুর্গম পাকুয়াখালী এলাকায় ৩৫ জন বাঙালি কাঠুরিয়াকে হত্যার ঘটনা ঘটে। পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে এ ঘটনাকে একটি মর্মান্তিক ও বেদনাবিধুর অধ্যায় হিসেবে উল্লেখ করা হয়।
নিহতদের স্মরণ, ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার, নিহত পরিবারের পুনর্বাসন এবং তাদের ন্যায়সংগত দাবির প্রতি সংহতি জানিয়ে যথাযোগ্য মর্যাদায় পাকুয়াখালী গণহত্যা দিবস পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) খাগড়াছড়ি জেলা কমিটি।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ মাঠে নিহতদের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, পাকুয়াখালী হত্যাকাণ্ড পার্বত্য চট্টগ্রামের ইতিহাসের একটি বেদনাদায়ক ঘটনা। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, জড়িতদের বিচারের আওতায় আনা, নিহতদের পরিবারের পুনর্বাসন এবং তাদের ন্যায়সংগত দাবিগুলো বাস্তবায়নের দাবি জানান।
বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা, শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে অতীতের সহিংস ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা হলে পার্বত্য অঞ্চলে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।
সভায় বক্তব্য রাখেন পিসিএনপির স্থায়ী কমিটির সদস্য আনিসুজ্জামান ডালিম, খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি সুলতান আহম্মদ, মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা এবং জেলা পার্বত্য মহিলা পরিষদের সভানেত্রী হাসিনা আক্তার প্রমুখ।
এ সময় পিসিএনপি খাগড়াছড়ি জেলা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে পাকুয়াখালী ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
