
মো. সোহেল রানা: মানবিক সেবার অংশ হিসেবে খাগড়াছড়ির দীঘিনালা জোনের উদ্যোগে উপজেলার অসহায় ও দরিদ্র ছানি রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় ৮৩ জন রোগীকে চট্টগ্রামে পাঠানো হলে তাদের মধ্যে ৬২ জনের সফলভাবে ছানি অপারেশন সম্পন্ন হয়েছে।
১৯ মে মঙ্গলবার দীঘিনালা জোন সূত্রে জানা যায়, গত শনিবার জোনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৮৩ জন চোখের রোগীকে শান্তি পরিবহনের মাধ্যমে চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা শেষে ৬২ জন রোগীর ছানি অপারেশন সম্পন্ন করেন।
লায়ন্স ক্লাব অব চিটাগং প্রোগ্রেসিভ সাউথের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে সহযোগিতা করে রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি, রোটারি ক্লাব চিটাগং খুলশী সেন্ট্রাল এবং বীর মুক্তিযোদ্ধা মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন।
রোগীদের যাতায়াত, থাকা ও চিকিৎসার সার্বিক ব্যয় বহন করে দীঘিনালা জোন। তিন দিন চিকিৎসা শেষে সোমবার সন্ধ্যায় অপারেশন সম্পন্ন হওয়া রোগীদের দীঘিনালায় ফিরিয়ে আনা হয়।
উপকারভোগীদের মধ্যে বোয়ালখালী ইউনিয়নের কনকাবালা চাকমা, কবাখালী ইউনিয়নের জগদীশ কুমার চাকমা ও নীলা চাকমা জানান, আর্থিক সংকটের কারণে তারা দীর্ঘদিন ধরে ছানি অপারেশন করাতে পারছিলেন না। দীঘিনালা জোনের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা পেয়ে তারা স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, পিএসসি’র পক্ষ থেকে জানানো হয়, পাহাড়ি এলাকার অনেক বয়স্ক নারী-পুরুষ দীর্ঘদিন ধরে চোখের ছানি সমস্যায় ভুগলেও অর্থাভাবে চিকিৎসা নিতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :