মোবারক হোসেন :
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি বাজারে স্থানীয় ও দুর্গম পাহাড়ি এলাকার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। ৪ অক্টোবর রোববার দিনব্যাপী লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।
লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম, পিপিএম, পিএসসি, জি-এর নির্দেশনায় আয়োজিত মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়।
বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি এলাকার চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের জন্য আয়োজিত এ কার্যক্রম স্থানীয়দের মধ্যে প্রশংসা পেয়েছে বলে আয়োজকরা জানান।
লক্ষ্মীছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়, দায়িত্বপূর্ণ এলাকার মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
