জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে মালিকবিহীন ১০টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। ৯ আগস্ট রোববার ভোরে উপজেলার তানাক্কাপাড়া সীমান্ত এলাকায় ২৩ বিজিবির যামিনীপাড়া জোনের সদস্যরা অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করেন।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে তানাক্কাপাড়া বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। পরে বিওপি থেকে প্রায় দেড় কিলোমিটার পূর্বে বাংলাদেশের অভ্যন্তরে ‘পানির পয়েন্ট’ এলাকায় মালিকবিহীন অবস্থায় ১০টি ভারতীয় গরু দেখতে পেয়ে সেগুলো জব্দ করা হয়।
জব্দ করা গরুগুলোর আনুমানিক সিজার মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা। তবে অভিযানের সময় গরুগুলোর সঙ্গে কোনো চোরাকারবারি বা মালিককে পাওয়া যায়নি।
বিজিবি জানিয়েছে, জব্দ গরুগুলো শুল্ক অফিস, সীতাকুণ্ড, চট্টগ্রামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারি ও টহলের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
যামিনীপাড়া ব্যাটালিয়ন ২৩ বিজিবির জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালিদ ইবনে হোসেন বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান আরও জোরদার করা হবে।
