মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী

🎓 শিক্ষা ⚽ খেলাধুলা খাগড়াছড়ি

জসীম উদ্দিন জয়নাল :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর সোমবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।

মাটিরাঙ্গা জোন এনসিও মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি; জোনের স্টাফ অফিসার (জেডএসও) মেজর সামিউল হক এবং মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, প্রশিক্ষক সুলতান আহম্মেদসহ প্রশিক্ষণার্থীরা।

আলোচনায় বক্তারা বলেন, নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি তৈরিতে সহায়তা করে। পাহাড়ি ও বাঙালি তরুণদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতেও এ ধরনের ক্রীড়া কার্যক্রম ভূমিকা রাখতে পারে।

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম বলেন, তরুণদের মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ বাড়ানো প্রয়োজন। ফুটবল প্রশিক্ষণের মতো উদ্যোগ তরুণদের প্রতিভা বিকাশে সহায়ক হবে বলে তিনি মন্তব্য করেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা একটি সুস্থ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণদের শারীরিক সক্ষমতা ও শৃঙ্খলাবোধ বাড়ানো সম্ভব।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান বলেন, তরুণদের প্রতিভা বিকাশ ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। স্থানীয় জনগণের কল্যাণে শিক্ষা, চিকিৎসা, ক্রীড়া ও অন্যান্য কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার কথা জানান তিনি।

মাসব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ পেয়ে প্রশিক্ষণার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, প্রশিক্ষণের মাধ্যমে ফুটবলের মৌলিক কৌশল, দলগত সমন্বয়, শৃঙ্খলা এবং মাঠপর্যায়ের বিভিন্ন বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *