মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে দুই পিস্তল গুলি ও ৫ কোটি টাকার আইস উদ্ধার

খাগড়াছড়ি অপরাধ মাটিরাঙ্গা মাদক

জসীম উদ্দিন জয়নাল: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও প্রায় ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়েছে। ১৮ আগস্ট মঙ্গলবার গভীর রাতে যামিনীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় মোটরসাইকেল ফেলে দুই আরোহী পাহাড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালিদ ইবনে হোসেন, বিপিএম, পিএসসির নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল মাটিরাঙ্গার গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে মোবাইল চেকপোস্ট বসায়।

রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে পানছড়ির দিক থেকে দুই আরোহীসহ একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছে এলে বিজিবি সদস্যরা থামার সংকেত দেন। মোটরসাইকেলটি কিছুক্ষণ গতি কমিয়ে পরে হঠাৎ ঘুরে তাইন্দংয়ের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

বিজিবি সদস্যরা পিছু নিলে প্রায় দুই থেকে তিন কিলোমিটার পর মোটরসাইকেলটি মূল সড়ক ছেড়ে বিরাশিটিলার একটি সরু সড়কে ঢুকে পড়ে। বৃষ্টি, কাদা, অন্ধকার ও দুর্গম পথের কারণে একপর্যায়ে টহল গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির দূরত্ব তৈরি হয়।

এই সুযোগে দুই আরোহী রাস্তার পাশে একটি কালভার্টের নিচে মোটরসাইকেলটি রেখে পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করেন।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথ-আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত কার্যক্রম চলছে।

যামিনীপাড়া ২৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালিদ ইবনে হোসেন বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ অস্ত্রের চোরাচালান বন্ধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে মাদক, অস্ত্রসহ অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে।

স্থানীয়রা সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযানকে স্বাগত জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *