মো. সোহেল রানা :
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম এলাকায় পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন। ২৪ অক্টোবর শনিবার বিকেলে গঙ্গারাম বাজারের উজো বাজার এলাকায় এ চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়।
বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে আয়োজিত এ কার্যক্রমে কাসালং ক্যাম্পের আওতাধীন গঙ্গারাম মুখ ও আশপাশের বিভিন্ন গ্রামের শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
চিকিৎসাসেবা প্রদান করেন বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাবিবুল্লাহ হাবিব।
বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম এলাকার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
