দীঘিনালায় মহিলা কাবাডি দলকে জোনের আর্থিক সহায়তা

⚽ খেলাধুলা খাগড়াছড়ি দীঘিনালা 🎓 শিক্ষা

মো. সোহেল রানা :

খেলাধুলার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। এই লক্ষ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় নয়মাইল ত্রিপুরাপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মহিলা কাবাডি দলকে আর্থিক সহায়তা দিয়েছে দীঘিনালা জোন।

দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসির নির্দেশনায় দলটিকে নগদ ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।

মেরুং ইউনিয়নের ১ নম্বর নয়মাইল ত্রিপুরাপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মহিলা কাবাডি দলটি দীঘিনালা উপজেলা ও খাগড়াছড়ি জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আগামীতে দলটি চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ের কাবাডি প্রতিযোগিতায় অংশ নেবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপু ত্রিপুরা বলেন, বিদ্যালয়ের ছাত্রীরা প্রথমে দীঘিনালা উপজেলা এবং পরে খাগড়াছড়ি জেলা পর্যায়ে কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। এখন তারা চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। এ জন্য দীঘিনালা জোনের পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর শিহাবুন সাকিব রূশাদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভবিষ্যতেও দীঘিনালা জোনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য এ ধরনের আর্থিক সহায়তা ও অনুপ্রেরণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *